বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন উচ্ছ্বাসের বার্তা দিল ভারত সংস্কৃতি উৎসব ২০২৫। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উৎসবের আয়োজক ও শিল্পী-সংস্কৃতির বরেণ্য ব্যক্তিত্বরা জানান, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রেক্ষাগৃহ– টাউন হল ময়দান, অডিটোরিয়াম এবং স্কুল মাঠে— আর ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ও হল এবং বেহালা শরৎ সদন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়— বরং এটি ভারতীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্য ও শিল্পকলার মাধ্যমে সৃজনশীল মননকে জাগিয়ে তোলার এক সামাজিক প্রয়াস। ভারতীয় সংস্কৃতির মর্যাদা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা, শিশু ও কিশোর মনকে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো এবং সামাজিক অস্থিরতার যুগে সংগীত-নৃত্যের মাধ্যমে মানুষের হৃদয়ে সংস্কৃতির বীজ বপন করাই এ উৎসবের প্রধান উদ্দেশ্য।

উৎসবের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক সরকার জানান,
“এই বছর আমরা ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ‘ভারত সংস্কৃতি যাত্রা’ আন্তর্জাতিক উৎসব আয়োজন করেছি। ভারত সংস্কৃতি উৎসব ২০২৪-এর সফল প্রতিযোগীরা বিনামূল্যে বিদেশে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন। আগামী বছর (২০২৬) আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সুইৎজারল্যান্ডে এই আন্তর্জাতিক যাত্রার আয়োজন করব। এবছরের কৃতী ছাত্র-ছাত্রীরাও বিনা খরচায় বিদেশে পারফর্ম করার সুযোগ পাবেন।”
তিনি আরও জানান, সফল প্রতিযোগীরা গত বছরের মতোই নগদ পুরস্কার, ১ বছরের স্কলারশিপ, এবং আন্তর্জাতিক মঞ্চে বিনামূল্যে পারফর্ম করার সুযোগ পাবেন।

উৎসবের অন্যতম কর্ণধার, বিশ্ববিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য জানান যে এবছর সংগঠনটি, ত্রিধারা সম্মিলনী ও বর্তমান পত্রিকার যৌথ উদ্যোগে বর্ষসেরা শাস্ত্রীয় সংগীত সম্মেলনের আয়োজন করেছে কলকাতার নজরুল মঞ্চে— ২৭ ও ২৮ নভেম্বর সন্ধ্যায় এবং ২৯ নভেম্বর সারারাতব্যাপী। বিশ্বের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পীরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের শিল্পসংস্কৃতির বহু নামকরা ব্যক্তিত্ব—
সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, নৃত্যগুরু অমিতা দত্ত, গুরু কেয়া চন্দ, গুরু মধুমিতা রায়, নৃত্যশিল্পী গুরু সুতপা তালুকদার, গুরু পৌষালি মুখার্জী, গুরু ড. পুষ্পিতা মুখার্জী, গুরু ড. সঞ্চিতা ভট্টাচার্য, ড. অর্কদেব ভট্টাচার্য, তবলা বাদক পণ্ডিত মল্লার ঘোষ–সহ অসংখ্য সঙ্গীত ও নৃত্য তারকা।

এছাড়াও ছিলেন—
প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ড. মুমতাজ সংঘমিতা, কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান মাননীয় সুদীপ পোল্লে, পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী, এবং বহু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও শিল্পী সমাজের প্রতিনিধি।

শিল্প, শিক্ষা, ঐতিহ্য ও মানুষের মননশীলতার সমন্বয়ে ভারত সংস্কৃতি উৎসব ২০২৫–এর এই ঘোষণা গোটা সাংস্কৃতিক মহলকে ইতিমধ্যেই উৎসাহে উজ্জীবিত করেছে।

কলকাতা প্রেস ক্লাবে ভারত সংস্কৃতি উৎসব ২০২৫–এর সাংবাদিক সম্মেলনে শিল্প-সংস্কৃতির মহাসমাবেশের ঘোষণা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *