
কলকাতা, নিজস্ব সংবাদদাতা, সম্প্রতি কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় অনুষ্ঠিত হল আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর পক্ষ থেকে ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদক, ‘বিশেষ সম্মাননা’ ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সভাপতি ড. রতনশ্রী মহাথেরো, ‘বনানী’ পত্রিকার সম্পাদক অধীরকৃষ্ণ মণ্ডল, প্রাবন্ধিক ও সাহিত্যিক নন্দলাল বাউড়ি ও প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী সহ আরও অনেকে।
স্বর্ণপদক পান বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়৷ ‘ড. দীনেশচন্দ্র সেন গবেষণা পরিষদ’, ঢাকা, বাংলাদেশ থেকে স্বর্ণ পদক পেলেন প্রাবন্ধিক দীপক কুমার মৃধা ৷
‘দীনেশচন্দ্র সেন বিশেষ সম্মাননা’ পান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ড.মো আতাউর রহমান, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী, কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় ও প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক দীপক কুমার মৃধা।
‘নব রূপেশ্বর’ পত্রিকার প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা ও ‘বিবেক পত্রিকার’ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা এদিন আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হয় ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’, ভারতের সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও সঞ্চালনা করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী ৷

